প্রযুক্তি শক্তির অপব্যবহার রুখতে ৯৯৯ এ অভিযোগ গ্রহণ শুরু
প্রযুক্তির শক্তিকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ষড়যন্ত্রমূলক ভাবে ব্যবহারের চেষ্টা করছে একটি অপরাধী চক্র। এই চক্রকে ধরতে উদ্যোগ নিয়েছে সরকার। ফেসবুক বা অনলাইনে মিথ্যা তথ্যের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হচ্ছে জাতীয় জরুরী সহায়তা নম্বর ৯৯৯-এ। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তির বিরুদ্ধ ডিজিটাল নিরপত্তা আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশে সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেছেন, অনলাইনে বিবেক বহির্ভূত মিথ্যা কাজ হচ্ছে। তাই কেউ যদি অনলাইনে মিথ্যা কথা বা প্রোপাগাণ্ডা ছড়ায় তাহলে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে অভিযোগ দিতে পারে। জানাতে পারে এই ফেসবুক পেজ থেকে অথবা অনলাইন থেকে একজন ব্যক্তি অপপ্রচার করছে। তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
অনলাইনে প্রচারিত তথ্য শেয়ার বা প্রচার করার আগে যাচাই করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, অপপ্রচারের কারণে দেশে অমানবিকতার ঘটনা ঘটছে। একজন নিকটাত্মীয় মারা যাওয়ার পর কেউ তার জানাজায় যাচ্ছে না। কিংবা দাফন-কাফনে অংশ নিচ্ছে না। এ এক অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।